বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ওকালতনামা স্টিকার ক্রয়ের নিমিত্তে নতুন আইডি কার্ড সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে সমিতির আইডি কার্ডের বারকোড স্ক্যানারে পাঞ্চ করা ছাড়া ওকালতনামা স্টিকার প্রিন্ট করা সম্ভব হচ্ছে না। পুরোনো, ভাঙা, জরাজীর্ণ, মেয়াদোত্তীর্ণ বা ফটোকপি করা আইডি কার্ড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা যাচ্ছে না। এ কারণে কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সদস্যদের জরুরি ভিত্তিতে সমিতির নতুন আইডি কার্ড সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমিতির পক্ষ থেকে সদস্যদের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়েছে।
